সৈয়দপুরের আলো নিউজ প্রকাশের পর সেই প্রথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ  


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ /
সৈয়দপুরের আলো নিউজ প্রকাশের পর সেই প্রথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ  

মোঃ মারুফ হোসেন লিয়নঃ ” ছয় শিক্ষার্থী ও চার শিক্ষক নিয়েই চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়” শিরোনামে গত রবিবার (১২ অক্টোবর) সৈয়দপুরের আলোয় নিউজটি প্রকাশিত হওয়ার পর কতৃপক্ষের নজরে আসলে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি ও বিদ্যালয়ে শিক্ষার্থীমুখী করতে কতৃপক্ষের নির্দেশনায় মা ও অভিভাবক সমাবেশ করেন প্রতিষ্ঠানটি।

আজ বুধবার (২২ অক্টোবর) বেলা ১২ টায় বিদ্যালয় চত্বরে “শিক্ষিত মা এক সুরভিত ফুল,প্রতিটি ঘর হবে একটু স্কুল” এই স্লোগান কে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিকুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন সহ প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান, অভিভাবকের সক্রিয় অংশগ্রহণ এবং ঝরে পড়া রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীর মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরে প্রধান অতিথি বক্তব্যে প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, প্রকাশিত নিউজের পরেই বিদ্যালয়টি আমাদের নজরে আসে। আমরা জেনেছি বিদ্যালয়টিতে শিক্ষার্থী কম। শিক্ষার্থী আসে না । কারণ বিদ্যালয়টির পাশেই ৩ কি প্রতিষ্ঠান রয়েছে এছাড়াও পাশেই একটা মাদ্রাসা রয়েছে তাই শিক্ষার্থী আসে না । আমরা চেষ্টা করছি আজ মা ও অভিভাবক সমাবেশ করছি যাতে বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধি পায় ।

তিনি আরো বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মা’দের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মা শুধু একজন অভিভাবকই নন, ছোট-ছোট শির্ক্ষাথীদের জীবনের প্রথম শিক্ষক। ছোট শিশুরা প্রথম পর্যায়ে পরিবারের মধ্যে মায়ের কাছ থেকেই প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে। আমাদের কর্মপরিকল্পনার মধ্যে মায়েদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি বলেন, মায়েরা যত উন্নতভাবে সন্তান পরিচালনা করবে, শিশুরা তত ভালোভাবে বেড়ে উঠবে। শিশুদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের উপরও জোর দিতে হবে। শুধু ভালো ছাত্র হলে চলবেনা, একইসাথে শিশুদের ভালো মানুষ হতে হবে। এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা প্রধান। তাই আমরা প্রাথমিক শিক্ষায় মা সমাবেশ, উঠান বৈঠক, হোম ভিজিট ইত্যাদিকে গুরুত্ব দিয়েছি।

সমাবেশে শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

পরে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মকবুল হোসেনকে সভাপতি ও সাবেক মেম্বার মোঃ অলিয়ার রহমান কে সহ-সভাপতি করে ১০ বিশিষ্ট পিটিএ কমিটি গঠন করা হয়।