সৈয়দপুর লায়ন্স ক্লাব সভাপতির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 


Saidpurer Alo প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ /
সৈয়দপুর লায়ন্স ক্লাব সভাপতির স্বেচ্ছাচারিতা ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

মোঃ মারুফ হোসেন লিয়নঃ লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুরের চলমান অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর (৩১৫এ২) বাংলাদেশ প্রেসিডেন্ট ও যুবদল নেতা মোঃ জাকির হোসেন মেনন এর স্বেচ্ছাচারিতার ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীবৃন্দর আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক কাজী আসাদুজ্জামান স্বাধীন লিখিত বক্তব্যে জানান, গতবছরের ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর, গতবছরের ৮ আগষ্ট লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের পাসওয়ার্ড হ্যাক করার মাধ্যমে জাকির হোসেন মেনন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের ক্লাব প্রেসিডেন্ট দাবি করেন এবং ৪২ জন ক্লাব সদস্যকে ড্রপ আউটের মাধ্যমে পরিবার তান্ত্রিক ক্লাব তৈরি করেন। এছাড়াও লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের কর্তৃত্ব হাতে নিয়ে নানা রকম দুর্নীতি চালিয়ে আসছেন। গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.সৈয়দপুরের পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি মোঃ শফিয়ার রহমান সরকার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মসিউর রহমান এর অনিয়ম ও দূর্নীতির কারণে এক উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। উক্ত উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য স্থানীয় উপজেলা প্রশাসন, থানার ওসি, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, অভিভাবক ও ছাত্র-শিক্ষকগণের সমন্বয়ে লায়ন্স অডিটরিয়ামে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ৩১৫এ২ এর প্রেসিডেন্ট ও যুবদল নেতা মোঃ জাকির হোসেন মেনন দূর্নীতিপরায়ন প্রাক্তন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শফিয়ার রহমান সরকার ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাৎক্ষণিক প্রত্যাহার করে নেন।

ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি ও ট্রেজারারসহ অন্যান্য কর্মকর্তা এবং সদস্যগণের উপস্থিতি ও সকলের সম্মতিক্রমে উপজেলা নিবাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী সভাপতি ও (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরীকে ঘোষণা করা হয়, যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এবং সোসাল মিডিয়ায় প্রকাশিত হয়। সভাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ঘোষণা দেন যে, ঘোষিত ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বৈধতার জন্য গত ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, উক্ত দিনে সভাস্থলে স্থানীয় উপজেলা প্রশাসন, থানার ওসি, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, অভিভাবক ও ছাত্র-শিক্ষকগণ উপস্থিত হলেও ক্লাব কর্তৃপক্ষ সকলকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সভায় অনুপস্থিত থাকেন। উক্ত দিনে উপজেলা নির্বাহী অফিসার ক্লাব প্রেসিডেন্ট এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে, তিনি বলেন তার বাবা অসুস্থ থাকার কারণে তিনি ঢাকায় অবস্থান করছেন। তাই উক্ত সভায় উপস্থিত হতে পারছেন না। তিনি রেজুলেশন করতে এবং সুধী সমাজের স্বাক্ষর গ্রহণ করতে বলেন। এছাড়াও তিনি আরো বলেন, ৫ অক্টোবর স্বাক্ষর করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু আজ অবধী স্বাক্ষর না করে, কালক্ষেপন করছেন। গত ১২ অক্টোবর সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণকে বলেন যে, উপজেলা নিবাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী (ভারপ্রাপ্ত) সভাপতি এবং মজিবর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করতে হবে মর্মে তারা আশ্বস্থ করেন এবং ২০ অক্টোবর পর্যন্ত তারা সময় নেন। কিন্তু ক্লাব প্রেসিডেন্ট সুধী সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দগণকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সময় অতিবাহিত করেন। এই মর্মে আপনাদের আরো অবগত করা যাচ্ছে যে, গত ১৯ অক্টোবর অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি এডিসি (শিক্ষা) মহোদয়, এএসপি (সৈয়দপুর সার্কেল) নীলফামারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয় অত্র প্রতিষ্ঠানে তদন্তের জন্য আসেন। তদন্ত কমিটি প্রতিষ্ঠানে আসার পূর্বেই প্রাক্তন সভাপতি শফিয়ার রহমান সরকারকে উক্ত দিনে অত্র প্রতিষ্ঠানে হাজির হতে বলেন, কিন্তু তিনি অসুস্থার অজুহাতে অত্র প্রতিষ্ঠানে উপস্থিত হননি। তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে অত্র প্রতিষ্ঠানে হিসাব রক্ষক জিল্লুর রহমানের কাছে প্রয়োজনীয় তথ্যাদি চাইলে তিনি তথ্য প্রদান করতে অস্বীকার করেন এবং তিনি বলেন, ক্লাব প্রেসিডেন্ট তথ্য প্রদান করতে নিষেধ করেন।

তিনি আরো বলেন, আজ পর্যন্ত সিগনেটরী অথরিটির অভাবে অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং ১৭০ জন শিক্ষক-কর্মচারীগণের বেতন ভাতার অভাবে মানবেতর জীবন যাপন করেও শিক্ষা কার্যক্রমে চালিয়ে যাচ্ছি। এমতাবস্থায় আগামী ২৪ ঘন্টার মধ্যে সুষ্ঠ সমাধানের জন্য প্রশাসন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকগণসহ সৈয়দপুরবাসীর কাছে আমরা সহযোগিতা কামনা করেন ।

এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স ক্লাবের সভাপতি ও যুবদলের নেতা জাকির হোসেন সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বর্তমান দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজিবর রহমান চৌধুরী ,সিনিয়র শিক্ষক ফেরদৌসআরা ,কলেজ প্রভাষক মোঃ সজ্জাদ হোসেন, প্রভাষক আব্দুল মান্নান সহ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।