

সৈয়দপুরের আলোঃ নীলফামারী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন লাগার ঘটনায় বন্ধ রয়েছে সকল রুটের বিমান চলাচল। এতে সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে ঢাকাগামী ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক যাত্রী।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রমতে, বেলা আড়াইটার দিকে বেসরকারি কোম্পানি ইউ এস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আজ শনিবার (১৮ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে। এরফলে ইউএস-বাংলার ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি।
সূত্রটি আরো জানায়, সিডিউল অনুযায়ী আজ শনিবার বেলা আড়াইটা থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত বেসরকারি কোম্পানির আরো পাঁচটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতো। এতে দীর্ঘ সময় ধরে এ বিমানবন্দরে মোট ছয়টি ফ্লাইটের প্রায় চার শতাধিক ঢাকাগামী যাত্রী আটকা পড়ে রয়েছে। এদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ লাগা আগুনের ঘটনায় ঢাকাগামী ফ্লাইট চলাচল কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে ৬টা এবং পরে রাত ৯টা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কোন ফ্লাইট বাতিল করা হয়নি।
আপনার মতামত লিখুন :