মোঃ মারুফ হোসেন লিয়নঃ পুরো মন্ডপ জুড়ে নারীদের ব্যস্ততা, তাদের উদ্যাগে পুরুষ শূন্য গ্ৰামে উৎসবমুখর পরিবেশ উদযাপন হচ্ছে সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব উৎসব। এ গ্রামের প্রতিটি পুরুষ এখন ব্যস্ত জেলার বিভিন্ন পুজো মণ্ডপে ঢোল বাজানোর কাজে তাইতো দুই যুগ ধরে গ্ৰামে নারীদের উদ্যোগে ছোট্ট পরিসরে চলছে দুর্গোৎসব । ছোট পরিসরে হলেও গ্ৰামজুড়ে উৎসব আনন্দের নেই কোনও ঘাটতি।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বাঙ্গালীপুর ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের নারীরা সারাবছর ধরে মুষ্টির চাল সংগ্রহ করে প্রতিবছর আয়োজন করে থাকেন তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
গ্রামটির প্রায় ২১ টি শ্রমজীবী পরিবারের নারীরা গত দুই যুগ ধরে এভাবেই দুর্গোৎসব পালন করে আসছেন। পুরুষ শূন্য এই গ্ৰামের ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে উত্তাল আনন্দে মেতে ওঠে গ্রামটির ২০০ শিশু কিশোর সহ নারীরা সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব থেকে নিজেদের বঞ্চিত না করতেই গ্রামের নারীরা এই আয়োজন করে থাকে।
গ্ৰামটির পূজা উদযাপন কমিটির সভাপতি সনেকা রানী বলেন, আমরা মহিলারাই মিলেমিশে পূজার আয়োজন করি। পূজা কমিটির সবাই নারী। অর্থাভাবে পুরোনো মণ্ডপঘরটি সংস্কার করা যায়নি। টিনের চালার ফুটো দিয়ে আকাশ দেখা যায়। তাই আমরা এবার মন্দির ঘরের বাইরে প্রতিমা স্থাপন করছি।
সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি সুমিত কুমার আগারওয়ালা বলেন, হাঁড়িপাড়ার নারীরা প্রায় দুই যুগ ধরে মুষ্টির চাল সংগ্রহ করে পূজার আয়োজন করছে। এটি দেবী দুর্গার কৃপা এবং নারীশক্তির অনন্য দৃষ্টান্ত। কল্যাণ সমিতি থেকেও তাদের সহযোগিতা করা হয়েছে।
এ সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম সিদ্দিকী বলেন, আমি বিষয়টি জানি। এখানে নারীরাই পূজার আয়োজন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বরাদ্দ দেওয়া হয়েছে।
সবমিলিয়ে ২১ পরিবারের এই ৫০ নারী কমিটির উদ্যোগে এই পূজা উদযাপন পুরো গ্রামটি কে উৎসবমুখর করে রেখেছেন।