মোঃ মারুফ হোসেন লিয়নঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকালে নীলফামারী জেলা প্রশাসনের ও সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদ ও রুবেলের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নীলফামারী শহরের ধোপাডাঙ্গা এলাকায় শহীদ রুবেলের গ্রামের বাড়িতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই দিনে সকালে জেলার সৈয়দপুর উপজেলার হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারত ও মোনাজাত শেষে উপজেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী সৈয়দপুরের আলো কে বলেন,সৈয়দপুরের দুই জন শহীদ সাজ্জাদ এবং কালামের নামে পৌরসভাস্থ দুটি সড়কের নামকরণ করে নামফলক লাগানো হয়েছে।জুলাই-২৪ ছাত্র-জনতার গন-অভ্যুত্থানে শহীদ সাজ্জাদ ও শহীদ কালাম সহ সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করে পুষ্পস্তবক অর্পণ একই সাথে সকল জুলাই যোদ্ধাদের সুস্থ্যতার জন্য দোয়া আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সৈয়দপুর পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধাসহ ছাত্র জনতা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর উপজেলার মডেল মসজিদে এবং পৌরসভায় দোয়া আয়োজন করা হবে ।
শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে জেলা প্রশাসক নায়িরুজ্জামান সৈয়দপুরের আলো কে বলেন, নীলফামারীর শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তাই শহীদ রুবেলের কবরেই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনে নীলফামারীর ৪ জন সন্তান শহীদ হন। তাদের সম্মানে জেলার ৪টি সড়কের নাম তাদের নামে নামকরণ করা হচ্ছে, যা শহীদ পরিবারের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে। নীলফামারীতে ৪ জন শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে ৩ জনের কবর এই জেলায় অবস্থিত। এর মধ্যে শহীদ রুবেলের কবর সংরক্ষণ করা হয়েছে, বাকি দুইজনের কবর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।
কবর জিয়ারত ও দোয়া মাহফিলে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।